পাপ পূণ্যের হিসাব নিতে কান্ধে দিলে ফেরেস্তা, পোলাও খাবে অন্য জনে মানুষ হলো বেরেশ্তা।

 

প্রবক্তা সাধু

মায়াবী বসন্তে 

প্রবক্তা সাধু 


জীবন মানে যন্ত্রণা,

-------------------------

মাটির দেহে আটকে রুহু

দেহরে দাও যন্ত্রণা,

দোয়া দিলে বলে ইবলিশ

দিচ্ছে যে কুমন্ত্রণা।


পাপ পূণ্যের হিসাব নিতে

কান্ধে দিলে ফেরেস্তা,

পোলাও খাবে অন্য জনে

মানুষ হলো বেরেশ্তা।


কামরা দিলে অষ্ট খানা

দরজা দিলে নয় খানা,

খোলা ঘরে কেমনে বন্দী

রাখি সরল মন খানা।


হাড়ের কাঠাম চামড়া ঘেরা

রক্ত মাংস লাখ শিরা,

ষড়রিপুর শরীর খানায়

রুহুর নাইতো পিঞ্জিরা।


দমে দমে যায় আর আসে

রুহুর খেলা দেহময়,

দেহের মাঝে বসত করে

দেহ সে তার আপন নয়।


মাটির শরীর বিলিন হবে

রুহুর কোথায় ঠিকানা,

দমে জীবন দমে মরণ

জীবন মানে যন্ত্রণা।

-------------------------------------

০৭/০৩/২০২২ প্রবক্তা সাধু।