শুধু, সাড়ে তিন হাত জমির উপর ধুলো, কেবল ধুলোই পড়ে থাকবে, অনন্ত নির্জনতায়..!

 

দীপক বেরা



ধুলো

দীপক বেরা


তোমার সাথে আমার প্রায়শই 

ধুলো নিয়ে কথাবার্তা হয়।

সোনা-রূপো নয়, রাংতাও নয়

কেবলই ধুলোর প্রসঙ্গ উঠে আসে।

এই ধুলো, --কোনো রঙ চেনে না

আনন্দ বা সুখের সন্ধান চেনে না।

ধুলো পায়ে জল দিয়ে ধুয়ে মুছেও

ধুলো-কে কিছুতেই তাড়াতে পারি না, 

রোজ ধুলো আমাদের পায়ে পায়ে 

উঠোন পর্যন্ত উঠে আসে, 

তারপর ছেঁড়া মাদুর পেতে বসে

বিষাদ-বিষণ্ণতার স্বরলিপি লেখে।


আজকাল,

আমাদের এই ধূলিধূসরিত জীবনে

ধুলোর সাথে আর বিন্দুমাত্র বিরোধ নেই.. 

কারণ, জেনেছি সার কথা---

মৃত্যুর পর, -- আমাদের চলে যেতে হবে,

তোমার-আমার সব কথাও ফুরিয়ে যাবে; 

শুধু, সাড়ে তিন হাত জমির উপর ধুলো, 

কেবল ধুলোই পড়ে থাকবে, অনন্ত নির্জনতায়..!