বই খাতা সব খোলা । কিন্তু প্রশ্ন এমন ভাবে করেছি উত্তর লিখতে স্টুডেন্টকে চিন্তা ভাবনা করতে হবে ।
কথা ও ভাবনা : ৮১
' ছাত্র জীবন সুখের জীবন
যদি না থাকে একজামিনেশন। '
Naseer Ahmed
কয়েকদিন আগে রাতে একটা আজব স্বপ্ন দেখলাম। পরীক্ষার হলে বসে আছি । হলের গার্ড খাতার পরিবর্তে আমার হাতে দিয়েছেন কিছু কম্পিউটার প্রিন্ট আউট । বলছেন পিছনের সাদা পৃষ্ঠায় উত্তর লিখতে । কিন্তু আমার প্রিন্ট আউটগুলোতে পিছনে তেমন খালি পৃষ্ঠা নেই।
জানালে বললেন সামনের দুটো ডেস্কে রাখা আরও প্রিন্ট আউট থেকে প্রয়োজনীয় কাগজ খুঁজে নিতে । আমার হাতে প্রশ্নপত্র । কাগজ খুঁজতে খুঁজতে আধা ঘন্টা পার হয়ে যাচ্ছে কিন্তু উত্তর লেখা শুরু করতে পারছি না। এই রকম একটা স্বপ্ন ঘোরের মধ্যে থেকে ঘুমটা ভাঙলে মনে হলো আমার ছাত্রজীবন তো কতো আগেই শেষ হয়ে গেছে ! দারুণ স্বস্তি বোধ করলাম ।
পরীক্ষা নিয়ে এই রকম দুঃস্বপ্ন জীবনে অনেক বার দেখেছি । কখনো দেখেছি কঠিন অংক এসেছে কিছু পারছি না। বা সময় শেষ হয়ে যাচ্ছে কিছুই তেমন লেখা হয় নাই । শুনেছি আমাদের অবচেতন মনে আজীবনের পরীক্ষা ভীতি থেকেই যায় । সেটাই হয়তো স্বপ্ন হয়ে বারে বারে ফিরে আসে ।
আমার শিক্ষাজীবন শুরু হয় ঢাকার ওয়েস্ট এন্ড হাই স্কুলে। বাসায় পড়ে সরাসরি ক্লাস থ্রিতে । এরপর ঢাকা কলেজ , প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েট , আইবিএ ( ঢাকা বিশ্ববিদ্যালয়) এবং আমেরিকার বস্টনের বিজনেস স্কুল আর্থার ডি লিটলে পড়েছি আমি । মধ্য তিরিশ বছর বয়সে তিনটি ডিগ্রি অর্জন করা হয়ে যায় আমার ।
এই ক্ষুদ্র জীবনে শত শত পরীক্ষা দিয়েছি আমি । লিখিত পরীক্ষা , মৌখিক পরীক্ষা , প্রেজেন্টেশন , সারপ্রাইজ কুইজ , টেক হোম পরীক্ষা , ওপেন বুক পরীক্ষা ইত্যাদি । কিন্তু পরীক্ষা কখনও আরামদায়ক জিনিস মনে হয় নাই । একটা ভীতি থেকেই যায় ।
দেশের কর্পোরেট দুনিয়ায় শীর্ষ পদে থাকার পাশাপাশি আমি ৮ টা বিশ্ববিদ্যালয়ে ( ইস্ট ওয়েস্ট , আইবিএ , Brac , ইউল্যাব, সিটি , এশিয়া প্যাসিফিক , IUBAT এবং NUB ) অধ্যাপক হিসেবে কাজ করেছি । দীর্ঘ প্রায় ১৯ বছর । প্রধানত এমবিএ প্রোগ্রামে ।
আমার স্টুডেন্টদের জীবন একটু আরামদায়ক করার জন্য বেশির ভাগ পরীক্ষা নিয়েছি ওপেনবুক । বই খাতা সব খোলা । কিন্তু প্রশ্ন এমন ভাবে করেছি উত্তর লিখতে স্টুডেন্টকে চিন্তা ভাবনা করতে হবে ।
বলে দিতাম কোনো প্রশ্নের উত্তরে কিছু না লিখলে শুন্য দিব । কিন্তু লিখলেই কমপক্ষে সি দিব । কাউকে ফেল করাবো না । আবোল তাবোল লিখলেও । এইভাবে আমার স্টুডেন্টদের পরীক্ষা ভীতি কিছুটা দূর করার চেষ্টা করেছি !
Post a Comment